প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা হয়ে ওঠে না। আর জিমে গিয়ে নিয়ম করে হাতের ব্যায়াম- পায়ের ব্যায়াম তো আরও না। গরম আর রোজার এই দিনে ব্যায়ামের কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে। তাই বলে কি ব্যায়াম করবেন না? করতেই পারেন। পেশীবহুল বাহু গড়ে তোলার ইচ্ছে থাকলে আলাদা করে ব্যায়াম করতে হবে না, কিছু ঘরের কাজ, টুকিটাকি থেকেই আপনি উপকৃত হতে পারেন। চলুন দেখে নিই কী কী কাজ করলে আপনার বাহু হয়ে উঠবে শক্তিশালী।
১) ঘর মোছা
অনেকেই ইদানিং মপ ব্যবহার করে ঝটপট ঘর মোছার কাজটা সেরে ফেলেন। এতে পিঠের পেশী বেঁচে গেলেও আসলে হাতের তেমন একটা ব্যায়াম হয় না। একেবারে হাঁটু মুড়ে বসে ঘর মোছা শুরু করুন। এতে যেমন হাতের বেশ ভালো একটা ব্যায়াম হবে, তেমনি মপের চাইতে ভালো ঘর মোছাও হবে।
২) বাজারের ব্যাগ ভারোত্তোলন
বাজার থেকে গাড়ি পর্যন্ত, গাড়ি থেকে বাসা পর্যন্ত অথবা বাজার থেকে বাসা পর্যন্ত ব্যাগ নিয়ে আসার সময়টার সদ্ব্যবহার করুন। দুই হাতে দুই ব্যাগ নিয়ে হাতটাকে ভাঁজ করে কাঁধের কাছাকাছি নিয়ে আসুন এবং আবার নামিয়ে নিন। এই কাজটির পুনরাবৃত্তি আপনার বাইসেপকে শক্তিশালী করবে, এর পাশাপাশি অনেকটা ক্যালোরিও খরচ হবে।
৩) বাগান করুন
বাগানে খোঁড়াখুঁড়ি করা, গাছ লাগানো, আগাছা পরিষ্কার, এসব কাজ এক ঘন্টা করলে বাহু, ঊর্ধ্ববাহু, কাঁধ এবং কব্জির ব্যায়াম হবে। ছুটির দিনগুলোতে বাগানে সময় দেবার চেষ্টা করুন।
৪) দেয়াল ঠেলুন
দেয়ালে ঠেলা দিলে দেয়াল নড়বে না, কিন্তু আপনার হাত এবং কাঁধের ব্যায়াম ঠিকই হবে। একটি দেয়ালের এক ফুট সামনে দাঁড়ান। কাঁধ বরাবর আলাদা করে রাখুন আপনার পা-দুটো। এরপর ৬-৭ সেকেন্ডের জন্য দেয়ালকে হাত দিয়ে ঠেলা দিন। এছাড়া দরজার চৌকাঠে দুদিক দিয়ে ঠেলা দেবার কাজটাও করতে পারেন ৬-৮ সেকেন্ড। এই কাজগুলো করতে পারেন ১০ বার পর্যন্ত।
৫) কাপড় ধোয়া ও শুকাতে দেওয়া
এতে আপনার ওয়াশিং মেশিন এবং ড্রায়ার দুটো থেকেই ইলেকট্রিক বিল বেঁচে যাবে। ধোয়া কাপড়ের ঝুড়িটাকে নিয়েও আপনি ওয়েইট লিফটিং করতে পারেন।
৬) রান্নাবান্না করুন
বেকিং করার জন্য যে ডো তৈরি করতে হয়, তা মাখাতে হাতের বেশ ব্যায়াম হয়। ইলেকট্রিক মিক্সার ব্যবহার করবেন না। সাধারণ হুইস্ক বা বিটার ব্যবহার করুন। কোনো কিছু কুচি করার জন্য ব্যবহার করুন ভারি ছুরি। এক গ্যালন পানি ধরে এমন বড় জগ থেকে পানি ঢেলে পান করুন। নন-স্টিক প্যানে পরিবর্তে কাস্ট আয়রনের প্যান ব্যবহার করুন, এগুলো বেশ ভারি হয় ফলে এগুলো নাড়াচাড়া করতে আপনার অনেক ব্যায়াম হবে।
৭) ব্যায়ামের পরে খান স্টেক
স্টেক ছাড়াও সাধারণ রেড মিট খাওয়াটা হাতের মাসল গঠনের জন্য বেশ উপকারী, জানা যায় অস্ট্রেলিয়ার এক গবেষণা থেকে। রেড মিটের অ্যামিনো এসিড মাসল গঠনের জন্য সহায়ক বলে মনে করা হয়। তবে এই রেড মিটে যেন চর্বি যথাসম্ভব কম থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
৮) হাঁটার সময়ে হাত চালান
হ্যাঁ, হাঁটার সময়ে হাত শরীরের দুপাশে আটকে রাখবেন না। হেলেদুলে, হাত দুলিয়ে হাঁটুন।
৯) চেয়ার ডিপ
চেয়ারে বসুন সোজা হয়ে, পায়ের পাতা সমান করে মেঝেতে রাখুন। হাত রাখুন চেয়ারের সিটে আপনার কোমরের পাশে। এবার হাতের তালুর ওপর ভর দিয়ে নিজের কোমর এবং হিপ ওপরের দিকে ও সামনের দিকে ওঠান। এরপর আবার কনুই বাঁকা করে বসে পড়ুন। শরীরের ভার পায়ের ওপর না দিয়ে হাতের ওপর দেবার চেষ্টা করুন।
১০) অফিসে বসে ব্যায়াম
অফিসে কাজ করতে করতেই সেরে ফেলুন হাতের ব্যায়াম। হাতের তালু ডেস্কের নিচে লাগিয়ে ওপরের দিকে চাপ দিন, যেন ডেস্ক উঠিয়ে ফেলবেন। পাঁচ সেকেন্ড এভাবে চাপ দিন। এরপর ছেড়ে দিন। এই কাজটি করুন যতক্ষণ না মাসল বার্ন করে।
প্রিয়.কম
No comments:
Post a Comment